বাহারি রঙের ফুলকপি আসতে চলেছে কোচবিহারের বাজারে - The News Lion

বাহারি রঙের ফুলকপি আসতে চলেছে কোচবিহারের বাজারে

 


দি নিউজ লায়নঃ   লাল, বা হলুদ, অথবা বেগুনি, না এগুলো কোন বাহারি ফুলের রং নয়। এগুলো হলো ফুলকপির রং। ভেষজ পদ্ধতিতে বাহারি রঙের ফুলকপি এবার আসতে চলেছে কোচবিহারের বাজারে। যিনি আনতে চলেছেন তার নাম মদনমোহন । 


রাজ্য কৃষি দপ্তরের ' আত্মা প্রকল্পে' -র বীজ সংগ্রহ করে রঙিন ফুলকপির ফলন করে তাক লাগালেন কোচবিহারের দেওয়ানহাটের এক চাষী ভাই মদনমোহন আইচ । ইতিমধ্যেই ৪০ প্রজাতির ধান বীজ সংরক্ষণ করে সংবাদ শিরোনামে এসেছিলেন তিনি । এবার চাষের খেতে মদনমোহনবাবুর নতুন প্রয়াস ও সফলতা -কমলা ও বেগুনি ফুলকপির চাষে। 


শনিবার সকালে কোচবিহার ১ ব্লকের দেওয়ানহাটে মদনমোহন আইচের জমিতে গিয়ে দেখা গেল সবুজের মাঝে উঁকি দিচ্ছে রঙিন ফুলকপি! জেলায় প্রথম বাণিজ্যিক ভাবে রঙিন ফুল কপি আসায় উচ্ছ্বসিত জেলা কৃষি দপ্তরও । 


কোচবিহার ১ ব্লকের কৃষি দফতরের ব্লক টেকনোলজি ম্যানেজার স্বাগতা কোলে জানান, " মদনমোহনবাবু বরাবরই একজন প্রগতিশীল কৃষক । ৪০ প্রজাতির ধান বীজ সংরক্ষণ সহ বহু সফলতা উনি পেয়েছেন । তাই আমরা রঙিন ফুলকপির চাষে ভরসা রেখে ছিলাম ওনার প্রতি। দিয়েছিলাম বীজ । ওনার একাগ্রতা ও নিরলস প্রচেষ্টায় ভীষণভাবে সফলতা এল।এই আবহাওয়াতে এই কপি হলো এটা আনন্দের । ক্যান্সার প্রতিরোধে এই রঙিন কপির ভূমিকা আছে । 


" শীতের শুরুতে একশ টাকা ও মাঝ শীতে কেজি প্রতি ফুলকপির দাম নেমে যায় ১০ টাকায় । ফের আবারও বাজার দাম ওঠে শেষ শীতে । মাঝের সময়ে মার খায় কৃষক ।সেই সময় দাঁড়িয়ে রঙিন ফুলকপি কৃষকের মুখে হাসি ফোটাবে বলেই মনে করছেন কৃষি দফতরের আধিকারিক ও কৃষি বিশেষজ্ঞরা । যাকে তারা বলছেন ' ভ্যালুয়েশন এডিশন ' । অর্থাৎ যখন ফসলের দাম কমে যাচ্ছে তখন বহুমাত্রিক ও সঠিক চাষে ঘুরে দাঁড়াচ্ছে কৃষিক্ষেত্র । কেননা নতুন ফসল অতিরিক্ত মূল্য তৈরি করে । এতে করে কৃষকের মুখে হাসি ফোটে ।


 কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান বলেন , " খুবই আনন্দের খবর । মদনমোহন আইচের মত কৃষক যত এভাবে নিরলস প্রয়াস চালাবেন কৃষিক্ষেত্র ততই স্বাবলম্বী হবে এবং কৃষকরা সমান্তরাল সমাজে সবার সঙ্গে সমানতালে চলবে । এটাই রাজ্য সরকারের পরিকল্পনা ।" এত কিছুর মূলে যিনি কারিগর , সেই মদনমোহন আইচ জানান , "চাষীর ঘরে জন্মেছি । চাষতো করবই। কিন্তু ভালো কি থাকব না? একশবার থাকব ।অন্য পেশার মতই কৃষিও সন্মানজনক পেশা ।


" সত্যিই এক অন্য মানুষ কৃষক মদনমোহন আইচ । রবিবারই প্রথম মদনমোহনের রঙিন ফুল কপি আসবে বাজারে । " রবিবার ফুল কেটে বাজারে নিয়ে যাব । ইতিমধ্যেই এক পিস ৩০ টাকায় কজন নিয়ে গেছেন । দুশ ফুলকপি এসেছে দুই রঙের । সামনের বছর সমান্তরাল চাষ করব সাদা ফুলকপির মতই রঙিন ফুল কপির । " -বলেন কোচবিহারের প্রগতিশীল চাষী মদনমোহন আইচ । "

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.